দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান চোখের সমস্যা কাটিয়ে বিপিএলে রানের ছড়ি ঘোরানো শুরু করলেন যখন ভক্তকুলে আশার সঞ্চার হয়েছিল। মনে হচ্ছিল শ্রীলঙ্কা সিরিজের টেস্ট টিম দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। সেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে। টেস্ট সিরিজ থেকেও ছুটি চেয়ে নিয়েছেন সাকিব। বিসিবিরি ক্রিকেট অপারেশনস থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ থেকে ব্রেক নিয়েছেন সাকিব।'
সাকিবের ফর্ম নিয়ে জালাল বলেন, ‘নিঃসন্দেহে সাকিব আমাদের সেরা খেলোয়াড়। ও পারফর্ম করবেই, সাকিব একজন ক্লাস প্লেয়ার। যে সমস্যাটা হচ্ছিল সেটা সাময়িক।’
তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকেও সরে গেছেন সাকিব। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন টাইগার টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিপিএলে রান না পেলেও জালাল আশা করছেন, আন্তর্জাতিক সিরিজে ঠিকই জ্বলে উঠবেন শান্ত।
তামিম ইকবাল প্রসঙ্গে তিনি বলেন, ‘বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। বিপিএলের তো আর মাত্র কয়েকটা দিন আছে। বিপিএল শেষেই তামিমের সঙ্গে কথা বলা হবে।’
আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। এরপর তারা টি-টোয়েন্টির ভেন্যু সিলেটে উড়াল দেবে। তাদের আগমনের দিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের ফাইনাল। সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে।
এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে।
