আঁতকে উঠেছেন পোপ, এমন উইকেট জীবনে দেখেননি স্টোকস

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

স্পিন স্বর্গে খেলার প্রস্তুতি নিয়েই ভারতে এসেছিল ইংল্যান্ড। তবে প্রথম তিন টেস্টে সেই চ্যালেঞ্জ নিতে হয়নি। অবশেষে রাঁচিতে হয়তো তাদের অপেক্ষায় টার্নিং উইকেট। ম্যাচের দুই দিন আগে যে উইকেট দেখে একরকম আঁতকে উঠেছেন সহ-অধিনায়ক অলিভার পোপ। অধিনায়ক বেন স্টোকস তো বলেই দিয়েছেন, এমন চেহারার উইকেট তিনি কখনও দেখেননি।

উপমহাদেশের প্রথাগত উইকেটে সাধারণত সময় গড়ানোর সঙ্গে ধীরে ধীরে চিড় বা ফাটল ফুটে উঠতে দেখা যায়। কিন্তু রাঁচি টেস্ট শুরুর দুই দিন আগেই উইকেটে ফাটল চোখে পড়েছে পোপের, ‘পিচ দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। অনেক ফাটল এখানে, অনেকটা প্লেটের মতো। মাত্রই সেখানে অনেক পানি দেওয়া হয়েছে, এতে সাধারণত আরও শুষ্ক হয়ে ওঠে। প্রচুর পানি দেওয়ার পর রোদের মধ্যে রাখলে যেমন হয়, এরকম কঠিন আবরণ দেখেছি উইকেটের উপরিভাগে। খুব জমাট উইকেট বলে মনে হচ্ছে না।’

পোপ যোগ করেছেন, ‘উইকেটের এক ভাগ মনে হচ্ছে বেশ ভালো, আরেক দিকে প্লেটের মতো অনেক ফাটল। আমরা কালকে আবার দেখব, ভারতীয় দল উইকেট দেখার পর কেমন থাকে তা, সেসব বুঝে তার পর সিদ্ধান্ত নেব (একাদশ নিয়ে)।’

উইকেটের চেহারা নিয়ে একই কথা বললেন বেন স্টোকসও। এই পিচের সম্ভাব্য আচরণ নিয়ে কোনো ধারণাই করতে পারছেন না ইংলিশ অধিনায়ক, ‘জানি না (কেমন হবে আচরণ)… এরকম কিছু আমি কখনও দেখিনি, কাজেই আমার কোনো ধারণা নেই কেমন হতে পারে। একদমই বুঝতে পারছি না, এখানে কী হতে পারে। এক দিক থেকে অন্য প্রান্তে তাকালে এটাকে একদমই ভিন্ন মনে হচ্ছে, ভারতে যা দেখতে আমরা অভ্যস্ত নই। ড্রেসিং রুম থেকে অনেকটা সবুজাভ ও ঘাসের ছোঁয়া আছে বলে মনে হচ্ছে। কিন্তু কাছে যাওয়ার পর মনে হচ্ছে পুরো আলাদা। খুবই কালচে ধরণের ও ঝুরঝুরে, কিছু ফাটল তো আছেই।’

যদিও টার্নিং উইকেট না বানিয়েও সিরিজে এগিয়ে আছে ভারত, তবে রাঁচিতেই যেহেতু সিরিজ নিশ্চিত করার সুযোগ, সেখানে টার্নিং উইকেটের কৌশল নেওয়াটা খুব বিস্ময়কর হবে না হয়তো। গোটা সিরিজে অসাধারণ বোলিং করা পেসার জাসপ্রিত বুমরাহকে এই টেস্টে বিশ্রাম দিয়েছে ভারত। সেখান থেকেও পিচের সম্ভাব্য চরিত্র নিয়ে কিছুটা আন্দাজ করা যায়।

এদিকে ইংল্যান্ডের সিরিজে ফেরার লড়াই শুরু হবে কাল শুক্রবার থেকে। তার রাঁচি টেস্টের দল ঘোষণা করা হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট দল

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, শোয়েব বশির, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত