'নো বল' না দেওয়া আম্পায়ারকে অন্য কাজ খুঁজতে বললেন হাসারাঙ্গা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

লিন্ডন এডওয়ার্ড হানিবল এরই মধ্যে ৩টি টেস্ট, ২৬টি ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। তাকে অভিজ্ঞই বলা যায়। কিন্তু বুধবার দাম্বুলায় আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হানিবলের একটি সিদ্ধান্ত মনঃপূত হয়নি শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার।

জয়ের জন্য শেষ ওভারে ১৯ রান দরকার ছিল আফগান পেসার ওয়াফাদার মোমান্দের করা শেষ ওভারে চতুর্থ বলটি অফ স্টাম্প ও মিডল স্টাম্পের মাঝবরাবর ফুলটস করেন। ব্যাটিংয়ে ছিলেন কামিন্দু। খালি চোখে দেখেই মনে হয়েছে, বলটি কামিন্দুর কোমরের চেয়ে বেশি উচ্চতায় ছিল। ভিডিও রিপ্লে দেখার পর ব্যাপারটি নিশ্চিত হয় কামিন্দু একটু এগিয়ে এলেও বলটি তার কোমরের চেয়ে বেশি উচ্চতাতেই ছিল, ফলে সেটি নো বল।

ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী এটি ‘নো বল’ ছিল।

হাসারাঙ্গা বলেন, ‘এমন কিছু আন্তর্জাতিক ক্রিকেটে হওয়া উচিত নয়। (কোমর উচ্চতার) খুব কাছাকাছি থাকলে কোনো সমস্যা ছিল না। কিন্তু বলটা অনেক ওপর দিয়ে যাচ্ছিল...আরেকটু ওপরে থাকলে ব্যাটসম্যানের মাথায়ও লাগতে পারত। এখন সেটা যদি দেখতে না পায়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে সেই আম্পায়ার মানানসই নন। তিনি অন্য কোনো কাজে থাকলে খুব ভালো হতো।’

আফগানিস্তানের দেওয়া ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানে হেরেছে শ্রীলঙ্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত