ফের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে তার চিকিৎসা। এর আগেও একবার ক্যান্সার জয় করে ফিরেছিলেন কিংবদন্তি এই গায়িকা। তবে এবার তিনি আক্রান্ত হয়েছেন ওরাল ক্যান্সারে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি সার্জারি করা হয়েছে তার। এখন দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি। তারপর চিকিৎসকরা ভালো-মন্দ বলতে পারবেন। তবে কবে থেকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি তা জানাতে চাননি শিল্পীর পরিবার।
১৬ বছর আগে ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সেবার ক্যান্সার জয় করে গানেও নিয়মিত হয়েছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই শিল্পী।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। তিনি শেষ প্লেব্যাক করেছেন প্রয়াত চিত্রনায়িকা ও নির্মাতা কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা’ শিরোনামের একটি গানে। ২০২০ সালের সেপ্টেম্বরে গানটিতে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া কবরীর ‘এই তুমি সেই তুমি’ সিনেমার চারটি গানে সুরও দেন সাবিনা ইয়াসমিন। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
ফের ক্যান্সারে আক্রান্ত সাবিনা ইয়াসমিন