২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পরেছিলেন ঋষভ পান্ত। স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগে তার। কঠিন সময় পার করে পান্ত এখন আছেন মাঠে ফেরার অপেক্ষায়। আসন্ন আইপিএল দিয়ে মাঠে ফিরবেন তিনি। শুধু তাই নয়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়েই ফিরছেন তিনি।
অধিনায়কত্ব করলেও কিপার-ব্যাটসমান পরিচয়ে পান্তকে দেখা যাবে না শুরুর ম্যাচগুলিতে। শরীরের অবস্থা বুঝে তিনি কিপিং করতে পারেন টুর্নামেন্টের পরের ভাগে।
দিল্লি ক্যাপিটালসের সহ-সত্বাধিকারী পার্থ জিন্দাল ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন পান্তের ফেরা এবং অধিনায়কত্বের বিষয়টি।
জিন্দাল বলেন, 'ঋষভ এখন ব্যাটিং করছে, রানিং করছে। উইকেটকিপিংও শুরু করেছে। আইপিএলের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। রিশাভ আইপিএলে খেলবে এবং প্রথম ম্যাচ থেকেই নেতৃত্ব দেবে বলে আশা করছি। প্রথম সাত ম্যাচে আমরা ওকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাব। পরে ওর শরীর কিভাবে সাড়া দেয়, সেটা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব (কিপিং নিয়ে)।'
২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ২৩ মার্চ দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে পান্ত সবশেষ মাঠে নেমেছেন ২০২২ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে। এর ৫ দিন পর উত্তরাখন্ডের রুর্কিতে সড়ক দুর্ঘটনায় পড়েন। প্রাণে বেঁচে গেলেও তার ডান হাঁটুর মূল তিনটি লিগামেন্টই ছিড়ে যায়। এছাড়াও চোট পেয়েছিলেন নানা জায়গায়। আঘাত পান পিঠে ও মাথায়ও।
