জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি-সম্পাদককে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন কলা ভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণ বিরোধী দেয়ালচিত্র আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গলীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি অংশ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) পৌণে চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়ক দিয়ে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সঙ্গে সংহতি জানিয়ে চলচ্চিত্র আন্দোলন ও সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা প্লাকার্ড হাতে ‘বহিষ্কার মামলার হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘মামলাবাজি যেখানে, লড়াই হবে সেখানে, ‘অবিলম্বে বহিষ্কার, তুলে নাও নিতে হবে’, ‘মামলাভিসির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সহসভাপতি আশফার রহমান নবীন বলেন, ‘ বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা ছিনতাইয়ের মতো অভিযোগ নেই। প্রশাসন এসব কর্মকান্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কুলষিত করার পাঁয়তারা করছে।’

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি বলেন,‘কী পরিমাণ স্পর্ধা একটি প্রশাসনের হলে দুইজন নিরপরাধ শিক্ষার্থীকে বহিষ্কার করতে পারে এবং মামলা করার প্রক্রিয়া শুরু করতে পারে। প্রশাসন থানায় মামলা করেছে কিনা সেই বিষয়টি এখনো সবার কাছে ধোঁয়াশা। প্রশাসন কোনো কিছুতেই মামলার তথ্য প্রকাশ করতে দেবে না বলে প্রচেষ্টা চালাচ্ছে।

জহির রায়হান চলচ্চিত্র সংসদের কোষাধ্যক্ষ মোহনা বাশার বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে অবমাননা করিনি। বঙ্গবন্ধুর একটি দেয়ালচিত্র মুছে ফেললেই কি বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব? বঙ্গবন্ধুকে ব্যবহার করে ক্ষমতাসীনরা দুর্নীতিবিরোধী ও ধর্ষণবিরোধী দেয়ালচিত্র মুছে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের নায্য আন্দোলন অব্যাহত রাখব। অবিলম্বে অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত