ক্ষমতা চিরস্থায়ী না, প্রতিটা হত্যার বিচার একদিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কারাগারে অসুস্থ হয়ে মারা যাওয়া ঢাকা মহানগর দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগে বুলবুলের বাসায় যান নজরুল ইসলাম। এ সময় তিনি বুলবুলের ভাই ও দুই বোনের সঙ্গে কথা বলেন এবং বুলবুলের মৃত্যুর ঘটনা শোনেন।
বুলবুলের মৃত্যুকে হত্যাকা- অভিহিত করে ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করে বলেন, ‘কারাগারে পুলিশ হেফাজতে থাকা মৃত্যু স্বাভাবিক নয়। বুলবুলের কিডনি এবং হৃদরোগ ছিল। এটা জানার পরেও তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। হাসপাতালে নেওয়া এবং ওষুধের জন্য তার কাছে টাকা চেয়েছিল।’
গত ২১ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া বুলবুল ২৪ নভেম্বর কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আলালের বাসায় মঈন খান : গতকাল সকালে সদ্য কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে তার বনানীর বাসায় গিয়েছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন।
