টাঙ্গাইলের কালিহাতীতে মাঘী পূর্ণিমার সময় প্রায় দেড়শ ধরে পালিত হয়ে আসছে এক ঐতিহ্যবাহী মেলা। যা মানুষের মুখে মুখে 'ডুবের মেলা' নামে পরিচিত। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারের পশ্চিম পাশে পোয়াতি বিলে এ মেলা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডুবের মেলায় হাজারো পুণ্যার্থী ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নানা মনোবাসনা পূরণ ও পূণ্যের আশায় এক কাপড়ে স্নান করেছেন।
আজ স্নানানুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী উপস্থিত হয়ে মেলা পরিদর্শন করেন।
জানা গেছে, প্রতিবছর কালিহাতী উপজেলার আউলিয়াবাদের পোয়াতি বিলের একটি নির্দিষ্ট স্থানে মাঘী পূর্ণিমায় 'স্নান' অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা পোয়াতি বিলে মানত করে পাপ মোচনের জন্য আসেন। মানত পূরণের জন্য তারা পোয়াতি বিলে স্নান করেন, সাধ্যানুযায়ী মানত (টাকা-পয়সা) বিলের পানিতে ছুড়ে ফেলেন ও স্থানীয় মন্দিরে দান করেন। ওই অনুষ্ঠান উপলক্ষে নানা পসরা সাজিয়ে দোকানপাট ও মেলা বসে। ডুবের মেলায় বসে গ্রামীণ ঐতিহ্যের বাঁশ-বেত, কাঠ-মাটির তৈজস ও আসবাবপত্রের দোকান। এছাড়া বিভিন্ন প্রকার খাবার এবং ছোটদের আকর্ষণীয় খেলনা ও ব্যবহার্য জিনিসপত্রের দোকান।
কালিহাতী উপজেলার পারথী ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তালুকদার বলেন, প্রায় দেড়শ বছর ধরে পোয়াতি বিলে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় মাঘী পূর্ণিমায় স্নান করে থাকেন। একসময়ের সাধারণ স্নান এখন ব্যাপক জনসমাগমে পরিণত হয়েছে।