কাশ্মির সফরে গিয়ে একের পর এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন শচিন, আর সঙ্গে সঙ্গেই তা উত্তেজনা ছড়াচ্ছে চারপাশে। পরিবারসমেত এবার পেহেলগামের তুষারপাত উপভোগের ভিডিও দিয়েছেন তিনি। তার আগে ক্রিকেট খেলেছেন কাশ্মিরের রাস্তায় স্থানীয় ছেলেদের সঙ্গে। গিয়েছিলেন ব্যাট কারখানায়। এবারের বিস্ময় জাগানিয়া কাশ্মির প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমিরের সঙ্গে তার বাড়িতে গিয়ে দেখা করলেন এ ক্রিকেট কিংবদন্তি।
১৯৯৭ সালে মাত্র সাত বছর বয়সে নিজেদের গ্রাম ওয়াঘামা গ্রামে পারিবারিক কারখানায় কাজ করার সময় ভয়ঙ্কর দুর্ঘটনায় দুই হাতই হারান আমির। এখন তার বয়স ৩৪। প্যারা ক্রিকেট দলের হয়ে আমির সফর করেছেন নেপাল, দুবাইসহ বেশ কয়েকটি দেশে। কিছুদিন আগে শারজায় অনুষ্ঠিত প্যারা লিগেও খেলেছেন তিনি। শচিন আগেও তার প্রশংসা করেছিলেন। এবার সুযোগ পেয়ে দেখা করে আসলেন এ ‘বিস্ময় ক্রিকেটার’-এর সঙ্গে।
পা দিয়ে বোলিং ও কাঁধ দিয়ে ব্যাটিং করেন আমির। শচিনকে নিজের প্রতিভা দেখান তিনি। শচিনও চেষ্টা করে কিছুটুকু শিখে রাখতে। ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রসঙ্গে আমির বলেন, ‘ওই দুর্ঘটনার পরও আমি আশা হারাইনি। কঠোর পরিশ্রম করেছি। আমি নিজেই সবকিছু করতে পারি। আমি কারও ওপর নির্ভরশীল নই। আমার দুর্ঘটনার পর কেউ আমাকে কোনও সাহায্য করেনি। এমনকি সরকারও আমাকে কোনও সাহায্য দেয়নি। কিন্তু আমার পরিবার সবসময় আমার পাশে ছিল। আমি মনে করি যে, সৃষ্টিকর্তার জন্যই আমার কঠোর পরিশ্রম সার্থক হয়েছে। কারণ পায়ে বোলিং করা সত্যিই কঠিন। কিন্তু, আমি সমস্ত দক্ষতা এবং কৌশল শিখে নিয়েছি। আমার খেলার জন্য আমি প্রশংসা পেয়েছি অনেক।’
