মিলার বললেন, বাংলাদেশ সবসময় আমার ভালো স্মৃতিতে আছে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবার ডেভিড মিলার খেলবেন সেটি জানা ছিল। মাঝে মিলারের বিয়ের খবরে বিপিএলে তার খেলা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছিল। মিলার আজ ঢাকায় এসেছেন। এসেই ফরচুন বরিশালের সঙ্গে অনুশীলন করেছেন।

এর আগে ২০১৬ সালে বিপিএলে খেলেছিলেন মিলার। সেই কথা মনে করে মিলার বলেন, 'এর আগে মনে হয় চিটাগং কিংসের হয়ে খেলেছি। আমার মনে আছে জার্সিটা টকটকে গোলাপি রঙয়ের ছিল। আমি এখানে তিনটি ম্যাচের জন্য এসেছিলাম, এক সপ্তাহের জন্য। বাংলাদেশ সবসময় আমার ভালো স্মৃতিতে আছে।' এবারও মিলার এসেছেন তিন ম্যাচের জন্য।

এলিমিনেটরে আগামীকাল যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারে বরিশাল তবে তবে এক ম্যাচেই থেমে যাবে মিলারের এবারের বিপিএল।

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে মিলারের। ১৬ বছরের ক্রিকেট অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের জন্য অবদান রাখতে চান। 'আমি ১৬ বছর ধরে খেলছি। আমি আমার নিজের খেলাটা সম্পর্কে খুব ভালো জানি। আমি এটা নিশ্চিত করতে চাই আমি মানসিকভাবে ভালো অবস্থানে আছি।'

এবার বিপিএল খেলতে আসার আগে কোনো ম্যাচ দেখা হয়নি মিলারের। তবে নিয়মিত পয়েন্ট টেবিলে চোখ রেখেছেন। খোঁজ রেখেছেন ফরচুন বরিশালের। মিলার আরও বলেন, 'সত্যি কথা বলতে আমি কোনো ম্যাচ দেখিনি। আমি দ্রুতই বিয়ে করতে যাচ্ছি। অনেক কিছুর দেখভাল করতে হচ্ছে। তাই একটু বিরতিতে ছিলাম। কিন্তু আমি আমার ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যাতে করে আমি পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি।' মার্চে আইপিএল শুরুর আগেই বিয়ে করবেন মিলার।

ভালো ক্রিকেট খেলে চট্টগ্রামের বিপক্ষে জিততে চান মিলার।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত