যশোরে হাসপাতালে ভর্তি বন্ধুদের দেখে ফেরার পথে এক কিশোর খুন হয়েছে। গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার শানতলায় চয়ন দাসকে হত্যা করা হয়।
নিহত চয়ন দাস (১৭) সদর উপজেলার চুড়ামনকাটির দাসপাড়ার নয়ন দাসের ছেলে।
চয়নের বাবা নয়ন দাস জানান, গতকাল শনিবার রাতে চুড়ামনকাটি দাসপাড়ার কিছু ছেলে ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামে নামযজ্ঞ অনুষ্ঠানে যায়। সেখানে ভোগের (খাবার ) সময় শানতলা দাসপাড়ার ছেলেদের সাথে চুড়ামনকাটি দাসপাড়ার ছেলেদের ঝামেলা হয়। এ সময় চুড়ামনকাটির স্বাধীন, দিপ্তসহ কয়েকজন মারধরের শিকার হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
তিনি বলেন, খবর পেয়ে চয়ন এলাকার লোকজনের সঙ্গে রাত সাড়ে ১১টার দিকে আহত বন্ধুদের দেখতে হাসপাতালে আসে। রাত ১টার দিকে বাড়ি ফেরার পথে শানতলায় এলাকায় পৌঁছালে ১৫/২০ জন তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা পিটিয়ে জখম করে। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার পার্থ প্রতিম চক্রবর্তী জানান, হাসপাতালে আনার আগেই চয়নের মৃত্যু হয়। তার শ্বাসনালী, কাঁধের পেছনের হাড় ভাঙে গেছে ও থুতনিতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত ) শফিকুল আলম চৌধুরী বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের কারণ, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
