শেরপুরের শ্রীবরদীতে বিপ্লব (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
বিপ্লব পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার গ্রামের কাবিল মিয়ার ছেলে। শেরপুরের শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামে নানাবাড়ি থেকে পড়ালেখা করছিল সে।
শ্রীবরদী থানা পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ি মাদরাসায় ওয়াজ শুনতে যায় বিপ্লব। সেখানে পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে ও স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও তার সঙ্গীদের সঙ্গে বিপ্লবের কথা কাটাকাটি হয়। পরে ওয়াজ শুনে নানার বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
বিপ্লবকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ সোমবার ভোরে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত আরিফ, মোখলেস, মনির ও ডিপটিকে আটক করেছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম সিদ্দিকী বলেন, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হাফেজ বশিরকে উপহার দেবে ছাত্রলীগ, যা থাকছে বক্সে