ঢাবিতে ছাত্রলীগ নেতার কক্ষে বাঁশ, রড, স্টাম্প

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার কক্ষে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এরপর ওই রুমটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছে ওই রুম থেকে লাঠি, স্টাম্প, রড উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য (নিউ বিল্ডিং) ভবনের ৪০১০ নম্বর কক্ষে তল্লাশি চালায় কতৃপক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের রাজিব বিশ্বাস ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান তল্লাশির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা লাঠি, স্ট্যাম্প, রড উদ্ধার করেছি। রুমটি সিলগালা করে দেওয়া হয়েছে। ওই কক্ষের শিক্ষার্থী রাজীব বিশ্বাসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ হলের একাধিক আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, রাত ২টার দিকে ওই রুমে তল্লাশি চালায় প্রশাসন। এ সময় রুম থেকে একটি দেশীয় অস্ত্র, স্টাম্প, লাঠি, রড ও বিস্ফোরক জাতীয় দ্রব্য ফটকাবাজি উদ্ধার করা হয়েছে তারা শুনেছেন। তবে তল্লাশির সময় কাউকে ঘটনাস্থলে থাকতে দেওয়া হয়নি। রুম তল্লাশির সময় রাজিব বিশ্বাস সেখানে ছিলেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে রাজীব বিশ্বাসের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমি এ ব্যাপারে প্রক্টর স্যারের কাছে জানতে চেয়েছি। তিনি আমাকে এ ব্যাপারে কিছু বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত