সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পান করে জিম খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে মৃতের শিশুর মাসহ আরও তিনজন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানদার ও সেলসম্যানসহ ৪ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার বেলগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত জিম খাতুন উপজেলার বেলগাছি গ্রামের কায়েম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন, মা পারভিন খাতুন, বোন রিয়া ও মিথিলা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শবেবরাতের নফল রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি ট্যাং মিশিয়ে পান করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া ও মিথিলাও এটি পান করে। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশু সন্তান অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক ডা. ফয়সাল হোসেন জানান, অসুস্থ অবস্থায় প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের সিরাজগঞ্জের প্রেরণ করেন। এখানে আসার পর জিম খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর তিনজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জিমের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দোকানদার আমিনুল ইসলাম, স্যালাইনের সেলসম্যান আনিছুর রহমান, হাফিজ শেখ ও সাগর হোসেনকে জিজ্ঞাসাবাদে জন্য থানায় আনা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
