উৎসবমুখর পরিবেশে দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) নতুন পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনে ১৬ বছর পর ভোট হচ্ছে। সর্বশেষ ২০০৮ সালে নির্বাচন হয়েছিল।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ ভোটগ্রহণ শুরু হয়।
৩ ডিসেম্বর নতুন করে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা হয়। প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৫ জানুয়ারি। প্রথমে ২৪ ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলেও সেটি পালটে ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়।
নির্বাচনে লড়াই করছে চারটি প্যানেল। সংগঠনের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয় ধারা’ প্যানেল, সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’ এবং রিহ্যাবের সাবেক সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে ‘নবজাগরণ’ প্যানেল নির্বাচনের অংশ নিচ্ছে।
রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার গণমাধ্যমকে বলেন, নির্বাচন যথাসময়ে শুরু হয়েছে। ভোটগ্রহণ এলাকার পুরো রুম সিসিটিভির আওতায় আছে। নির্বাচন স্বচ্ছ হচ্ছে। আমরা আশা করছি বিকেল ৪টা পর্যন্ত সুন্দরভাবে ভোটগ্রহণ করতে পারব।
সর্বশেষ ২০২১ সালে সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ৪৭৬ জন সদস্য ভোট দেবেন। ঢাকার ২৯টি পরিচালক পদের বিপরীতে ৮৬ জন এবং চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে সাতজন প্রার্থী রয়েছেন।
