কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার প্রস্তুতির দরজা বন্ধ করে দিয়েছিল চীন। তাতে বিপাকেই পড়েছিল লিওনেল মেসির দল। সেই দরজা খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দুটির জায়গায় এখন সেখানে হবে চারটি প্রস্তুতি ম্যাচ। এল সালভাদর, ইকুয়েডর, গুয়াতেমালা ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে শঙ্কা এখনও কাটেনি। ভিসা জটিলতার কারণে নাইজেরিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের ম্যাচটি নাও হতে পারে।
আগামী ২৬ শে মার্চ লস অ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ঝুঁকিতে ফেলেছে। এক্ষেত্রে ভেন্যু বদল করতে হবে, নয়তো নতুন প্রতিদ্বন্দ্বি খুঁজতে হবে। এমনকি একটি ম্যাচ বাতিলও হয়তো করতে হতে পারে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে।
যদিও সমস্যাটির সমাধান অসম্ভব কিছু নয়। তবে প্রক্রিয়াটা জটিল। কারণ নাইজেরিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা আছে। এ নিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও সমস্যায় পড়তে পারে। তাই আপাতত অপেক্ষা সমস্যা সমাধানের উপায় পথ খুঁজে বের করার। যদিও হাতে খুব বেশি সময় নেই। স্বস্তি এইটুকু যে ম্যাচ খেলার জন্য যে চুক্তি সেটা এখনও হয়নি দুই দলের।
এদিকে শেষ পর্যন্ত নাইজেরিয়া যদি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে তবে কোস্টারিকার সঙ্গে খেলার চিন্তাভাবনা করেছে এএফএ। যদিও ২৪ মার্চ আফ্রিকান নেশন্স লিগে হন্ডুরাসের বিপক্ষে খেলা আছে কোস্টারিকার। সেই ম্যাচ শেষের দুই দিন পরই আবার আরেকটা ম্যাচ খেলতে ফুটবলাররা রাজি হবেন কিনা সেটাও একটা দেখার বিষয়। তবে আশার বিষয় ম্যাচটি হবে ডালাসের টয়োটা স্টেডিয়ামে।
তবে এই একটি ম্যাচ বাতিল হলেও অসুবিধার কিছু নেই মেসিদের। কারণ এর বাইরেও আরও তিনটি ম্যাচ আছে তাদের। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি শিকাগোতে ৯ জুন অনুষ্ঠিত হবে, এবং গুয়াতেমালার বিপক্ষে দ্বৈরথটি একই মাসের ১৪ তারিখে ওয়াশিংটনে কোপা আমেরিকা শুরুর ছয় দিন আগে অনুষ্ঠিত হবে।
