চট্টগ্রাম নগরে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। অনিয়ম পাওয়ায় ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না থাকায় পাঁচলাইশের সিপিআরএল ল্যাবের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই এলাকায় অভিজ্ঞ চিকিৎসক না থাকায় জেনেটিক ল্যাবের এন্ডোসকপি ও ইসিজি বিভাগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। একই কারণে মেডিহেলথ ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে ও আলট্রাসনোগ্রাফি বিভাগের কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নগরের জামালখানে ল্যাব এক্সপার্ট, সেনসিভ (প্রাইভেট) লিমিটেড, ইনোভা হসপিটাল লিমিটেড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ওআর নিজাম রোডে মেট্রোপলিটন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান সিভিল সার্জন। এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিভাগের লাইসেন্স না থাকা, মূল্য তালিকা না রাখা, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত তথ্য সংরক্ষণ না করা এবং ডিপ্লোমা সনদবিহীন টেকনিশিয়ানকে দিয়ে রক্তের নমুনা সংগ্রহসহ বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোর কাছে কৈফিয়ত তলব করেছেন জেলা সিভিল সার্জন।