ফরিদপুরে নৌকার পক্ষে কাজ করায় পেট্রোল পাম্পে হামলা, ভাঙচুর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় প্রতিপক্ষের লোকজন একটি পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ইশ্বরদী এলাকার হাজী ইরফান উদ্দিন ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটেছে। এ সময় কয়েক’শ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নৌকার সমর্থক সুমনের মালিকানাধীন ফিলিং ষ্টেশনে হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্ল্যাহর পক্ষে কাজ করেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমান সুমন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর পক্ষে ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা ফারুক তালুকদার। মূলত তাদের মধ্যে নির্বাচনের সময় এবং নির্বাচনের পর থেকেই বিরোধ চলতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সকালে ভাঙ্গা উপজেলার তাড়াইল বাসস্ট্যান্ড এলাকার এক আওয়ামী লীগ নেতার মৃত লাশ দেখতে যায় নৌকার সমর্থক রাজিব।
 
এ সময় নিক্সনের সমর্থক ফারুক তালুকদার ও সাইফুল শিকদারসহ বেশ কয়েকজন একত্র হয়ে রাজিবের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনার পর উভয় পক্ষের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এর পরেই ফারুক তালুকদার এবং সাইফুল সিকদার তাদের সমর্থকদের সাথে নিয়ে ভাঙ্গা উপজেলার তাড়াইল-ইশ্বরদী এলাকায় অবস্থিত হাজী ইরফান উদ্দিন পেট্রোল পাম্পে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলায় পেট্রোল পাম্পের নগদ ১২/১৩ লাখ টাকা লুট করা হয়েছে। 
পেট্রোল পাম্পের মালিক মোখলেসুর রহমান সুমন জানান, এ ঘটনায় আমার প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। নৌকার পক্ষে কাজ করার কারনেই আজ আমার এ অবস্থা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জুয়েল জানান, ঘটনার পরেই পুলিশ সেখানে যায়। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

 

ফরিদপুর প্রতিনিধি। ০১৭১১-১৭৪১৩২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত