একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি আবু আহমেদ জমাদার। তিনি ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বছরের বেশি সময় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা বিচারপতি মো. শাহিনুর ইসলাম হাইকোর্টে প্রত্যাবর্তন করেছেন। এ ছাড়া ট্রাইব্যুনালে নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সম্প্রতি ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে পিআরএল (অবসরোত্তর ছুটি) এ যাওয়া এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়াকে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম ট্রাইব্যুনাল হতে হাইকোর্ট বিভাগে প্রত্যাবর্তন করার বিষয়ে প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণাক্রমে ট্রাইব্যুনালের বর্তমান সদস্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে চেয়ারম্যান এবং তার শূন্য পদে জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়াকে তার পিআরএল বাতিল ক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে অপর সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলমকে তার পদে বহাল রাখার কথা বলা হয়।
