নাইজেরিয়া নয় কোস্টারিকার সঙ্গে খেলবে মেসিরা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩১ পিএম

চীন সফরে নাইজেরিয়া ও আইভোরি কোস্টের সঙ্গে খেলার কথা ছিল।  চীন তা আয়োজনে রাজি না হওয়ায় ম্যাচ দুটি সরিয়ে নেয়া হয় যুক্তরাষ্ট্রে। প্রতিপক্ষ পাল্টে যায়, আইভোরি কোস্টের বদলে প্রতিপক্ষ হয় এল সালভাদর। এবার নাইজেরিয়ার সঙ্গেও খেলা হচ্ছে না মেসিদের। নতুন জটিলতা, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ঝামেলার মুখোমুখি নাইজেরিয়ানরা। 

সে কারণে তাদের বদলে কোস্টারিকার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। বিবৃতিতে মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

যদিও এর আগে থেকেই নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটি হওয়া নিয়ে গুঞ্জন চলছিল। যার বিষয়ে আনুষ্ঠানিক এই বিবৃতি দিলো এএফএ। একইসঙ্গে তারা নতুন প্রতিপক্ষ হিসেবে কোস্টারিকাকে বেছে নেওয়ার কথাও জানিয়েছে। আগে থেকে নির্ধারিত আরেক প্রতিপক্ষ এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি তো থাকছেই।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, আফ্রিকান দেশ নাইজেরিয়ার ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। সে কারণে তাদের সঙ্গে ম্যাচটি বাতিল করা হয়েছে। এমন অবস্থায় কোস্টারিকার সঙ্গে আগামী ২৬ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটির ভেন্যু লস অ্যাঞ্জলসের কলিসিয়াম স্টেডিয়াম। এর আগে ২২ মার্চ স্কালোনির শিষ্যরা লিঙ্কন ফাইনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে এল সালভাদরের মোকাবিলা করবে। যদিও আনুষ্ঠানিকভাবে ম্যাচের সময়সূচি ঘোষণা করেনি এএফএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত