বিশ্বকাপ নিয়ে স্মিথ

‘খেলতে চাই, না হলে নাই’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতে বসছে আইপিএলের আসর। অনেক ক্রিকেটারের আয়ের বড় একটা সুযোগ। পাশাপাশি সীমিত ওভারের সংস্করণের বিশ্ব আসরের জন্য টুর্নামেন্টটা বড় একটা প্রস্তুতির মঞ্চও। বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। বিশ্বকাপের আগে আর এই সংস্করণে ম্যাচ নেই তাদের। আইপিএলে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করার কথা তাই আগেই জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও নির্বাচক জর্জ বেইলি।

কোচ ও নির্বাচকের এমন ভাবনায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভ স্মিথকে নিয়ে শঙ্কাটা কি আরও বাড়ল? কারণ, তিনি তো আইপিএলে দলই পাননি। যদিও তিনি আইপিএলে থাকবেন, তবে সেটা ধারাভাষ্যকার হিসেবে। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

স্মিথের টি-টোয়েন্টি ক্যারিয়ার ততটা ভালো নয়। ক্যারিয়ারের শুরুর দিকে তাঁকে যেভাবে টি-টোয়েন্টিতে একজন পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে ভাবা হয়েছিল, তার বাস্তবায়ন তিনি করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ৫৫ ইনিংসে ২৪.৮৬ গড় ও ১২৫.৪৬ স্ট্রাইক রেটে করেছেন ১০৯৪ রান। ফর্মও তার সঙ্গে নেই। সর্বশেষ ১৮ ইনিংসে ফিফটি মাত্র একটি। সেটিও গত নভেম্বরে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে বিশাখাপট্টনমের ব্যাটিং-স্বর্গে।

নিউজিল্যান্ড সফরে তাকে সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে সেই সিরিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন স্মিথ। ওপেনিংয়ে সুযোগ পেয়েও দুই ইনিংসে করেছেন ১১ ও ৪ রান। ২০১২ সালে প্রথমবার আইপিএল খেলা স্মিথ এবার এই টুর্নামেন্টে দলও পাননি।

স্মিথ বাস্তবতা বুঝছেন, তবে এরপরও আশা ছাড়ছেন না। ক্রিকেট ডটকম এইউকে দলে থাকবেন কি না—এ প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত নই, অপেক্ষা করি, দেখি। আমি চাপ নিচ্ছি না, ক্যারিয়ারে যা যেভাবে আছে, যা করতে পেরেছি, তাতে আমি সন্তুষ্ট। যদি বিশ্বকাপে দলের অংশ হই, তাহলে দারুণ হবে, আমি হতে চাই। যদি না পাই, না পেলাম।’

স্মিথ যোগ করেন, ‘ধারাবাহিকভাবে আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারিনি, দলে অনেকে এই সংস্করণে এখন বিশেষজ্ঞ ক্রিকেটার। আমি পরিস্থিতি বুঝেছি, এখন অপেক্ষা করে দেখি কী হয়।’

আইপিএলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ধারাভাষ্য দেবেন স্মিথ। যা নিয়ে স্মিথ বলেছেন, ‘এটা ভিন্ন কিছু, নতুন অভিজ্ঞতা। খেলা নিয়ে কথা বলা উপভোগ করি। নিজের দৃষ্টিভঙ্গি জানাতে উন্মুখ আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত