এক সময় সকাল-বিকেল অফিস সময়ে রাজধানীর মিরপুর কিংবা উত্তরায় গাড়িতে ওঠা ছিল সবচেয়ে কঠিন কাজ। সেই রুটে এখন উল্টো চিত্র দেখা গেছে। উপরে মেট্রোরেলের বগিগুলো যখন যাত্রীতে পূর্ণ, তখন নিচে সড়কে বাসগুলোকে অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীর জন্য। পিক আওয়ারে বাস ফাঁকা দেখে যাত্রীরা বিস্ময় প্রকাশ করছেন। কেউ কেউ সোশ্যালে লিখেছেনও। বলেছেন 'এটা অবিশ্বাস্য!'
ফেসবুকে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে মো. সাকাওয়াত হোসেন নামের এক যাত্রী একটি ফাঁকা বাসের ছবি শেয়ার করে লিখেছেন, 'এটা প্রায় অবিশ্বাস্য! তখন বাজে বিকাল ৪টা ২৭ মিনিট। ফুল পিক আওয়ার। কিন্তু শিকড় পরিবহন প্রায় ফাঁকা! আমি আগারগাও থেকে উঠেছি, মিরপুরের দিকে যাই। সকালে অফিস যাওয়ার টাইমেও ভিড় ছিলো না।'
যাত্রীরা গাড়ি ছেড়ে মেট্রোরেলে ঝোঁকার পর কেবল মিরপুর নয়, ফার্মগেট, কারওয়ানবাজার, বাংলামোটর, শাহবাগেও যানজট কমেছে। মিরপুরের গণপরিবহনের ড্রাইভার-হেলপাররা বলছেন, রাত পর্যন্ত মেট্রোরেল চালু হওয়ায় অফিস সময়ে আসা-যাওয়ায় এখন যাত্রী পাওয়া যায় না। এভাবে চললে তো আমাদের না খেয়ে থাকতে হবে।
সোশ্যালে আফসানা ইয়াসমিন জুবলি লিখেছেন, 'এটি মেট্রোরেলের জন্য সম্ভব হয়েছে।' ফারিহা ফারজানা লিখেছেন, 'সব মেট্রোরেরের ষড়যন্ত্র।' আনোয়ার হোসেন লিখেছেন, 'এত সিট খালি থাকলে এরা রাস্তায় গাড়ি নিয়ে কি করে? রাস্তা তো ফাঁকা থাকে না।' মিজানুর রহমান রবি লিখেছেন, 'মেট্রোরেল চালু হওয়ার পর আর শিকড়ে উঠছি বলে মনে হয় না!' ফয়সাল অনি লিখেছেন, 'শুধুমাত্র মিরপুর রুটের বাসেই সম্ভব। বাকিগুলো আগের মতোই আছে।'
ফারজানা রিফাত লিখেছেন, 'আজিমপুরের রুট এ আবার একেবারেই ভিন্ন চিত্র। মিরপুর থেকে আজিমপুরে আগে সোজা পথে সংসদ ভবনের সামনে দিয়ে যেত আর এখন বেশি সময় দিয়ে ঘুরে শিশু মেলা হয়ে যায়। অযথা এরা নিজেদের মর্জিমত চলে রাস্তায়। আগে তো আমরা জিম্মি ছিলাম বাধ্য ছিলাম এই জিম্মি মেনে নেওয়া ছাড়া উপায় ছিলোই না এখন মেট্রো সত্যি বলতে কি যে স্বস্তি দিচ্ছে বলা বাহুল্য।'
অভিজিত পাল অভি লিখেছেন, 'মেট্রোরেল বাসের ব্যবসার ঘটনা ঘটিয়ে দিয়েছে। জীবদ্দশায় ঢাকায় প্রস্তাবিত বাকি মেট্রোরেলগুলো চলাচল করছে এটা দেখে যেতে পারলে শান্তি লাগত। বাসের লোকজনদের ছটফটানি দেখার আগ্রহ আমার। অনেক দুঃখ, কষ্ট এবং ক্ষোভের কারণে এই কথা বলতে বাধ্য হচ্ছি।' তবে মোহাম্মদ হোসেন নামের আরেক যাত্রী লিখেছেন, 'কবে কোনদিন একটু জানার ছিলো। মাসের ২৪টা দিনই তো দাঁড়ায় আসি বসার ছিট ফাঁকা থাকা তো দূরের কথা দাঁড়িয়েও যায়গা পাই না মাঝে মাঝে।'
মেট্রোরেলের এনাউন্সমেন্টে পুরুষ কণ্ঠ ব্যবহার করা হয়নি কেন?