‘নিষিদ্ধ’ হাসারাঙ্গার নেতৃৃত্বেই বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। যেখানে আম্পায়ারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নিষিদ্ধ হওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও রাখা হয়েছে।

নিজেদের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলে আম্পায়ারকে অন্য চাকরি খুঁজতে বলেছিলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ মন্তব্যের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া দেওয়া হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্টও। আইসিসির এ নিষেধাজ্ঞার জন্য বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না হাসারাঙ্গা। এরপরেও তাকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে।

টাইগার-লায়নদের মাঠের লড়াই শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে মুখোমুখি হবে দুই দল। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর তিন দিনের বিরতি দিয়ে চট্টগ্রামে দুই দল নামবে ৫০ ওভারের লড়াইয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। এর পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়েই পূর্ণ মেয়াদে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর। বিপিএল পর্ব শেষে টাইগারদের বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজও এটি।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, জেফ্রে ভ্যান্ডারসে, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত