বাগেরহাটের চিতলমারীতে হাত পা বেঁধে শ্বাসরোধে সাড়ে তিন বছর বয়সী শিশু শিহাব শেখকে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। বুধবার বিকেলে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে শিশু শিহাবের নানাবাড়িতে এঘটনা ঘটে। বুধবার গভীর রাতে শিশু শিহাব হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামীম শেখকে (১৭) পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার শিশুটির ময়নাতদন্ত করতে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত শিহাব চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের ফরহাদ শেখের ছেলে। গ্রেপ্তার হামীম শেখ একই গ্রামের রমজান শেখের ছেলে।
স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান বলেন, কয়েকদিন আগে শিহাব তার মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার বিকেলে শিশু শিহাব শেখ বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এসময় প্রতিবেশি হামীম শেখ শিহাবকে তার বাড়িতে নিয়ে বিকৃত যৌনাচার করতে চেয়েছিল। মূখ বাঁধার ফলে শিশুটির শ্বাসরোধে মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসব মৃত ঘোষণা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামীমকে গ্রেপ্তার করা হয়।
রাসেলুর রহমান আরও বলেন, আসামির ঘর থেকে শিশুটির প্যান্ট ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে হামীম বিকৃত যৌনাচারের জন্য এমনটি করেছে বলে মনে হয়। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
