সিনিয়র সাফ নারী টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ কাঠমান্ডুর চিয়াশাল স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক নেপালকে। দুটি গোলই করেন সৌরভি আকন্দ প্রীতি।
কাঠমান্ডুর উচ্চতা ও জল হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ সময় পেয়েছে দু'দিন। প্রস্তুতি যে ভালো হয়েছে তার প্রমাণ মিলেছে ম্যাচে। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণের ঢেউ গেছে নেপালের বক্সে। তাতে সাইফুল বারী টিটুর দলের আরও বড় ব্যবধানে জয় না পাওয়াটা হতাশার।
হাইলাইন ডিফেন্স করে স্বাগতিকদের শুরু থেকে চাপে রাখে বাংলাদেশ। ১৫ মিনিটে আলফির ফ্রি-কিক নেপালের গোলকিপার ঝর্না দুমরাকোতি এক হাত দিয়ে কোনমতে রুখে দিয়ে তালুবন্দী করেন।
২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। সাথী মুন্ডার দারুণ এক মুভে বক্সের ভেতরে প্রীতি জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে জালে পাঠান। ৫ মিনিট পর পেনাল্টি থেকে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আলপি আক্তারকে ফেলে দেন গোলকিপার। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোলকিপারের ডান দিক দিয়ে জোরালো শটে দলকে আবারও এগিয়ে নেন প্রীতি।
দুই অর্ধেই নেপাল গোল শোধ দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। তবে গোলকিপার ইয়ারজান বেগমের বড় পরীক্ষা নিতে পারেননি স্বাগতিকরা।
৫২ মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের শট পোস্টের পাশ দিয়ে যায়। ৭৬ মিনিটে আলফি হতাশ করেন। মধ্যমাঠ থেকে থ্রু বল পেয়ে আলফি বক্সের ভেতরে আগুয়ান গোলকিপারকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি।
রাউন্ড রবিন লিগ পর্বে ৫ মার্চ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
দল চারটি বলেই দুই গ্রুপ করার সুযোগ নেই এই আসরে। রাউন্ড রবিন লিগ পদ্ধতি, সব দল একে অপরের মুখোমুখি হবে। ফলে প্রথম ম্যাচে জয়ে ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল বাংলাদেশ।
