ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উন্মাদনা নতুন কিছু নয়। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই গ্যালারি ভর্তি দর্শক। বাধ্য হয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষকে ভারত-পাকিস্তান ম্যাচে স্ট্যান্ডিং টিকিট ছাড়তেও দেখা গেছে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দলের মহারণ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন সব কিছু ছাড়িয়ে গেছে।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এই ম্যাচের একটি টিকিটের মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকান দুইটি টিকিট বিক্রি প্রতিষ্ঠান। 'স্টাব হাব ও সিটগিক' নামের দুইটি টিকিট বিনিময় এবং পুনবিক্রয় কোম্পানির ওয়েবসাইটে ভারত-পাকিস্তানের ম্যাচের সর্বাধিক মূল্যের টিকিটের দাম ২ লাখ ২৫ হাজার ডলার।
আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে ভারত-পাকিস্তানের টিকিটের প্রাথমিক মূল্য ৪০০ ডলার। কয়েকটি ওয়েবসাইটে একেবারেই ন্যূনতম টিকিটের মূল্য দাঁড়িয়েছে ১২৫৯ ডলার।
নিউইয়র্কে কেবল মাত্র ৩৪ হাজার দর্শক সুযোগ পাবেন ভারত-পাকিস্তান ম্যাচ দেখার। আগামী ৯ জুন অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ।
