‘দ্রুত বিচার আইনের কারণে ক্ষমতাসীনদেরই দুর্ভোগে পড়তে হবে’

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘রাজনৈতিক বিরোধীদের দমন করতেই জাতীয় সংসদে তড়িঘড়ি করে দ্রুত বিচার আইন পাস করানো হয়েছে। এতে কোনো সন্দেহ নেই।’

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি দ্রুত বিচার আইন পাস করানোয় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বিচার আইন বিচারিক নিপীড়ন বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যে এই আইনের অপপ্রয়োগ ঘটিয়ে বিরোধী দলসমূহের শত শত নেতৃস্থানীয় ব্যক্তি ও সংগঠকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত বিচার আইনকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি প্রদানের উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে। মন্ত্রীদের বক্তব্যে তার পরোক্ষ স্বীকৃতিও রয়েছে।’

সাইফুল হক বলেন, ‘বিচারিক আইনের বিলম্বিত দীর্ঘসূত্রিতা যেমন বিচারকে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় করে তোলে, আবার হীন উদ্দেশ্যপ্রণোদিত দ্রুত বিচার অবিচার ও প্রতিহিংসাকে উসকিয়ে দেয়।’

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, ‘বিএনপির শাসনামলে প্রণীত এই আইনে পরবর্তীতে বিএনপিকে বেশী মাশুল দিতে হয়েছে। ক্ষমতার গণেশ উল্টে গেলে এখনকার ক্ষমতাসীনদেরই হয়তো এই আইনে বেশী দুর্ভোগে পড়তে হবে। ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না। এই আইনের জন্য একদিন বর্তমান ক্ষমতাসীনদেরই বেশী পস্তাতে হবে।’

তিনি অনতিবিলম্বে বিচারিক হয়রানির উদ্দেশ্যে প্রণীত আই আইন প্রত্য্যাহার করে নেওয়ার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত