রোজায় ৯ পণ্যের দাম বাড়বে না আমিরাতে

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:০৫ পিএম

পবিত্র রমজানে খুচরা পর্যায়ে রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, শিম, রুটি এবং আটার দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং ও ফলো-আপ সেক্টরের এক কর্মকর্তা দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি নামের ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের পূর্ব অনুমতি ছাড়া খুচরা বাজারে ৯টি পণ্যের  দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। ভোক্তা পণ্যের দাম নির্ধারণ নীতি বাজারের মূল্য নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রমজান আসার সঙ্গে আমিরাতে গুরুত্বপূর্ণ পণ্যের জোগান বাড়ছে।

তিনি বলেন, ভোক্তার সব প্রয়োজনীয়তা পূরণ হচ্ছে কিনা তা মন্ত্রণালয় নিশ্চিত করবে। অবিবেচকভাবে বেড়ে যাওয়া দামে পণ্য কেনা বন্ধ করা এবং যতটুকু প্রয়োজন ততটুকু সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসে পণ্যের চাহিদা বাড়লে অনেক সুবিধাভোগী ব্যবসায়ী দাম বাড়ান। দুই-একটি বাদে বিশ্বের সব মুসলিম দেশেই এমনটি হয়ে থাকে। কিন্তু আমিরাতে যেন ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাতে না পারে সেজন্য পণ্যের মূল্য সার্বক্ষণিক নজরদারিতে রাখার ঘোষণা দেওয়া হলো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত