শ্রম আইনের মামলা

ড. ইউনূসের সাজা স্থগিত প্রশ্নে রুলের শুনানি শুরু

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:২২ পিএম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে বিচারিক আদালতের দেওয়া সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিত প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুলের শুনানি শুরু হয়েছে। 

বুধবার (৬ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে শ্রম ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষে আইনজীবী মো. খুরশীদ আলম খান শুনানি করেন। ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য আগামী ১০ মার্চ ধার্য করেছে। অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘রুলের শুনানি শুরু করেছি। শ্রম আপিল ট্রাইব্যুনাল সাজা স্থগিত করতে পারে না- এমন যুক্তিতে শুনানি করেছি।’  

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগে গত ১ জানুয়ারি ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক। পরে এ রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে ২৫ যুক্তিতে আপিল করে জামিনের আবেদন করেন চারজন। আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে তাদের জামিন দেয়। একই সঙ্গে আপিল নিস্পত্তি পর্যন্ত শ্রম আদালতের দেওয়া রায়ে কারাদণ্ড ও অর্থদণ্ডের অংশটুকু স্থগিত করে ট্রাইব্যুনাল। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে বাদীপক্ষ। 

গত ৫ ফেব্রম্নয়ারি হাইকোর্টের এই বেঞ্চ এক আদেশে ড. ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দেয়। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের কারাদণ্ড ও অর্থদণ্ডের ওপর শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া স্থগিতাদেশের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেয়। এছাড়া শ্রম আইনের মামলায় গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শুরু হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত