রাখাইনের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা, রাজধানীর কাছে আরাকান আর্মি

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:৪৭ পিএম

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা বাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারাতে চলেছে। ইতোমধ্যে প্রদেশটির রাজধানী সিতওয়ের সীমানার বাইরের বিভিন্ন এলাকা ঘেরাও করে ফেলেছে আরাকান আর্মির  যোদ্ধারা।

এর আগে সোমবার প্রদেশটির পোন্নাগিউন শহরের দখল নেয় গোষ্ঠীটি। পোন্নাগিউন থেকে সিতওয়ের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। খবর মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতির।

জানা গেছে, টানা কয়েক দিনের সংঘাতের পর জান্তার ৫৫০তম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে পরাজিত করে পোন্নাগিউনের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। সংঘাত চলার সময় বোমারু বিমান ও যুদ্ধজাহাজ থেকে তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গোলাবর্ষণ করেছে জান্তা  বাহিনী। তবে তাদের বোমায় হতাহতের কোনো সংখ্যা এখন পর্যন্ত আরাকান আর্মি প্রকাশ করেনি।

পোন্নাগিউন ও সিতওয়ের মাঝামাঝি রাথেডাউং নামে একটি শহর আছে। মাইয়ু নদীর তীরে অবস্থিত এই শহরটির সঙ্গে পোন্নাগিউনকে সংযুক্ত করেছে জায়ে তি পিইন নামের একটি সেতু। পোন্নাগিউনের পতনের পর অন্তত ১২ বার বোমা বর্ষণ করে সেতুটি গুঁড়িয়ে দিয়েছে জান্তা বাহিনী।

এদিকে পোন্নাগিউনের নিয়ন্ত্রণ হারানোর পর দিন রাখাইনের প্রতিবেশী রাজ্য চিনের পালেতওয়া শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে  আরাকান আর্মি। সোমবার পোন্নাগিউন দখলের পর সংবাদ সম্মেলনে গোষ্ঠীটির মুখপাত্র উ খাইং দুখা বলেন, আমাদের লক্ষ্য রাখাইনকে জান্তার কবল থেকে মুক্ত করা। সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত