মদ্রিচ-রদ্রিগোদের একাদশে না নেয়া 'ভুল ছিল' আনচেলত্তির

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০১:১১ পিএম

লাইপজিগের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচেটা রিয়াল মাদ্রিদ ভালো খেলেছে, এমনটি হয়তো কেউ বলবে না।

শেষ বাঁশি বাজার পর যেন হাঁফ ছেড়ে বেচেছে স্প্যানিশ দলটি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাতে প্রথম লেগে ১-০ গোলে জয়ী রিয়াল পা রেখেছে কোয়ার্টারে। তবে দলের খারাপ খেলার কথা স্বীকার করছেন কোচ আনচেলত্তি।

দলের খারাপ পারফরম্যান্সের দায় নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বললেন, একাদশ বাছাইয়ে ভুল করেছিলেন তিনি।

আনচেলত্তি বলেন, 'বাজে ম্যাচ ছিল এটি, মানসিক দিকগুলো আমাদের খেলায় প্রভাব ফেলেছে। ভালো দলের বিপক্ষে খেলেছি আমরা, যাদের হারানোর কোনো ভয় ছিল না। তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। আমরা ভুগেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোয়ার্টার-ফাইনালে যাওয়া তা আমরা পেরেছি।'

আনচেলত্তি আরও বলেন, 'রাতটি অবশ্যই ভালো ছিল না। দায় আমারই। চ্যাম্পিয়নস লিগে কখনও কখনও এরকম হয়ে থাকে। শুরুর একাদশ সাজাতে হয়তো আমি ভুল করেছি। আবার একাদশ গড়লে হয়তো একই দল বেছে নিতাম না। আজকে যে সমালোচনা আমাদের হচ্ছে, তা পুরোপুরি প্রাপ্য।'

রিয়ালের শুরুর একাদশে লুকা মদ্রিচ, হোসেলু ছিলেন না। রদ্রিগোকেও আনচেলত্তি নামান প্রথমার্ধের পর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত