মাদারীপুরের কালকিনিতে নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইচাগুড়া গ্রামে নিহতের স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ইউনুস সরদার পলাতক।
নিহত গৃহবধূ নাসিমা আক্তার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের বয়াতিবাড়ীর কাদের বয়াতির মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে স্বামীর বসতঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নাসিমার ছেলে নূর মোহাম্মদ মক্তব থেকে পড়ে এসে ঘরের দরজা বন্ধ দেখে জানালার ফাঁক দিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ নামিয়ে কালকিনি থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল করে।
নিহতের ভাই দিদার বয়াতির অভিযোগ—বিয়ের পর থেকেই নিহত নাসিমার স্বামী ইউনুস সরদার তার ওপর নির্যাতন করত। এরই প্রেক্ষিতে তাকে হত্যা করা হয়েছে। হত্যার সঠিক বিচার চাই।
নিহতের মামা হাজি কাশেম অভিযোগ করেন, বিভিন্ন বিষয়া নিয়ে নাসিমার পরিবারে ঝামেলা চলছিল। এ নিয়ে এলাকার মেম্বারসহ আমরা মীমাংসা করে দিই। তারপরও তাদের কলহ চলছিল। সেই সূত্র ধরেই নাসিমাকে হত্যা করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
