দ্য গ্রেটেস্ট শো ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই ঢাকায়

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৬:১১ পিএম

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং এসোসিয়েশনের আয়োজনে দেশে প্রথমবারের মতো  ডব্লিউবিসি ও ডব্লিউবিএ বেল্টের লড়াই হবে ঢাকায়। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে ডব্লিউবিএ সাউথ এশিয়া লাইটওয়েট টাইটেলের লড়াইয়ে মুখোমুখি হবেন আবদুল মোতালিব ও মোহাম্মদ আজাহার।

এছাড়া ডব্লিউবিসি ইয়ুথ ইনটারন্যাশনাল সুপার ফ্লাই টাইটেলে বাংলাদেশের সাবিউল ইসলামের প্রতিপক্ষ ভারতের শুভম যাদব। তবে কাল সবচেয়ে আকর্ষণীয় চ্যালেঞ্জ বাউট হবে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ হেভিওয়েট বক্সার শাহ কামালি ও পোল্যান্ডের মার্চিন লাজারেজ-এর মধ্যে।

এর বাইরে আরো আটটি ওজন শ্রেনীর চ্যালেজ্ঞ বাউটে অংশ নেবেন বাংলাদেশের নারী ও পুরুষ বক্সাররা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাবের লড়াইয়ে একবার মাইক টাইসনের বিপক্ষে লড়েছিলেন জুলিয়াস ফ্রান্সিস। বাংলাদেশের প্রফেশনাল বক্সিংকে এগিয়ে নিতে এ আয়োজনে যোগ দিয়েছেন চারবারের ব্রিটিশ হেভিওয়েট চ্যাম্পিয়ন।

আজ সকালে বক্সারদের ওজন নেয়ার পর ফেস-শোর (দুই প্রতিপক্ষ মুখোমুখি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংল্যান্ডভিত্তিক সিকিউরিটিস এজেন্সী জে-ফোর এর সিইও জুয়েল চৌধুরি, সিলেট সানরাইজার্সের কর্নধার শেখ কুদরাত জয় এবং সংগঠক মোহাম্মদ তালহা মোহসেন। 

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই অনুষ্ঠানে দেশের কয়েকজন কৃতি নারী ক্রীড়াবিদ ও সংগঠককে সম্মনানা প্রদান করা হবে। সরাসরি লড়াই উপভোগের জন্য টিকিট পাওয়া যাবে টিকিটফাই অ্যাপসের মাধ্যমে। দেশে প্রথমবারের মতো হতে যাওয়া এ আয়োজন সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। পৃষ্ঠপোষকতা করছে নগদ, প্রগতি লিমিটেড, জে-ফোর সিকিউরিটিজ, প্রভা হেলথকেয়ার ও টিকিফাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত