স্টেডিয়ামে কাজ না করে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৭:৫১ পিএম

‘মাদকমুক্ত সমাজ চাই, খেলার জন্য মাঠ চাই’  এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকাণোর কলমাকান্দায় শেখ রাসেল স্টেডিয়ামে কাজ না করে টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে কলমাকান্দার সচেতন নাগরিক, ছাত্র ও যুব সমাজের ব্যানারে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

এ সময় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের নেতা ইদ্রিস আলী তালুকদার, মো. আফতাব উদ্দিন, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান, উপজলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহারিয়া হোসাইন মনির, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, মো. ফাহিম, সালাউদ্দিন ও আমীর হামজা প্রমুখ।   

বক্তারা বলেন, উপজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস মাঠে কোনো কাজ না করে সব টাকা লুটপাট করেছে। তারা এই অর্থ লুটপাটকারীদের শাস্তি দাবি করেন। স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী সম্প্রতি জাতীয় সংসদে কলমাকান্দা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠ নির্মাণে জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর নিকট প্রশ্ন উত্থাপন করেন। 

জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন জানান, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ- ১ম পর্যায়ে শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯ সালের জুন মাসে ৪৯ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।  
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত