যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০১:২৫ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এরা হলেন মতিউর রহমান (৬০) ও ইমরান (৪০)। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী জনপদ মোড়ে ও সাড়ে ১০টার যাত্রাবাড়ী চৌরাস্তায় এই দুর্ঘটনা দুটি ঘটে। পরে পুলিশ ও পথচারীরা মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন।

নিহত মতিউর রহমানের ভাগিনা মীর আব্দুর রহমান (ফিরোজ) জানান, পরিবার নিয়ে তিনি ওয়ারী জয়কালী মন্দিরের পাশে থাকেন। দুই মেয়ের জনক তিনি। পূর্বে একটি মিলে কাজ করলেও বর্তমানে অবসরে ছিলেন মতিউর। সকাল বাসা থেকে বের হয়েছিলেন রোজা উপলক্ষে সায়েদাবাদ বাজার করতে। সেখানে একটি বাসের চাপায় তিনি মারা যান বলে জানতে পেরেছেন তিনি। মতিউর রহমানের বাড়ি যশোর কোতয়ালী থানায়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল জানান, একটি বাসচাপায় সকালে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি সনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ইমরানকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. জসিম জানান, ইমরান থাকেন বিবির বাগিচা এক নম্বর গেটে। গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। যাত্রাবাড়ীতে বাসের লাইনম্যান হিসেবে কাজ করেন তিনি। আজ তার ছুটি ছিল। তবে ব্যক্তিগত একটি কাজে বাসা থেকে সকালে বের হন। এরপর সকাল সাড়ে ১০টার দিকে চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের মাঝে চাপা পড়েন তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া ইমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত