কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ধাক্কায় ইয়াসিন (৭) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসূলপুর ৩ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ইয়াসিনের বাবা মো. রাসেল জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের কুলারচর থানার আগারপুর গ্রামে। বর্তমানে রসূলপুর ৩ নম্বর গলিতে একটি বাসা থাকেন। স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ইয়াসিন। দুপুরে সে বাসার সামনে গলিতে খেলছিল। তখন একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত