সরাসরি অলিম্পিক খেলবেন আরচার ঝুমা আক্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:০৬ পিএম

২০২৪ ফ্রান্স প্যারা অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের প্যারা আরচার ঝুমা আক্তার। প্যারা অলিম্পিকের কোটা টুর্নামেন্টে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দেওয়ার ফলে এ যোগ্যতা অর্জন করেন তিনি। ওয়ার্ল্ড আরচারির প্যারালিম্পিক কমিটি তাদের বিবৃতিতে এ সংবাদ জানিয়েছে। বাংলাদেশের তৃতীয় আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেন  গাছ থেকে পড়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্থ হওয়া আরচার ঝুমা।

তার আগে ২০১০ সিঙ্গাপুর যুব অলিম্পিকে ইমদাদুল হক মিলন এবং ২০২০ টোকিও অলিম্পিকে রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।

আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত ৮ম ফাজ্জা ইন্টারন্যাশনাল প্যারা আরচারি চ্যাম্পিয়নশিপের (কোটা টুর্নামেন্ট) ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে ঝুমা হারান এক মার্কিন আরচারকে। রোমান সানার আকস্মিক অবসর ঘোষণায় দেশের আরচারিকে চলমান উদ্বেগের মাজেই এ স্বস্তির খবর নিয়ে আসলেন ঝুমা। এর আগে এশিয়ান প্যারা আরচারি চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

আনুষ্ঠানিক বিবৃতি

ঝুমার ১৩৮ স্কোরের বিপরীতে যুক্তরাষ্ট্রের ওয়াল্লাসি তেরেসা করেন ১৩৪। সেমিফাইনালে ঝুমা ইতালিয়ান আরচারের বিপক্ষে মাত্র ১ পয়েন্টের জন্য হারেন। বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল প্যারা আরচারি এসোসিয়েশনের সভাপতি। এশিয়ান প্যারা আরচারি প্রতিযোগিতার সঙ্গে প্যারা অলিম্পিকের বাছাইও অনুষ্ঠিত হয়েছে। মূল অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট না থাকলেও প্যারা অলিম্পিকে রয়েছে।

এ সুসংবাদ নিয়েই আজ ভোরে দুবাই থেকে দেশে ফেরেন ঝুমা ও বাংলাদেশ প্যারা আরচার দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত