মাবিয়ার নতুন রেকর্ড

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২:৪৯ এএম

নতুন জাতীয় রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এসেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সাম্প্রতিক বছরগুলোতে একটা গ-িতে বাঁধা পড়ে যাওয়ায় তাকে নিয়ে প্রত্যাশা কমে গিয়েছিল। ‘বুড়িয়ে গেছে’, ‘আর কিছু হবে না’ এরকম অনেক কটুকথা তাকে শুনতে হয়েছে। তবে মাবিয়া হাল ছাড়েননি।

বাংলাদেশ আনসারের এই লিফটার শনিবার বাগেরহাটে চলমান ৪০তম পুরুষ ও ১৭তম মহিলা জাতীয় ভারোত্তোলনের ৭১ কেজি ওজন শ্রেণিতে ভেঙেছেন মুনিরা কাজীর রেকর্ড। কেবল তা-ই নয়, ক্যারিয়ারে সর্বোচ্চ ওজন তুলে নিজের সর্বোচ্চ ওজন তোলার রেকর্ডকেও পেছনে ফেলেছেন মাবিয়া। মাবিয়া সাধারণত ৬৩-৬৪ কেজি ওজন শ্রেণিতে খেলেন। তবে এবার ওজন বাড়িয়ে তিনি অংশ নেন ৭১ কেজিতে। এই ওজন শ্রেণিতে জাতীয় রেকর্ড ছিল মনিরা কাজীর ১৭৫ কেজি। এবার সেই রেকর্ডটকে পেছনে ফেলতে মাবিয়া ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ ও স্ন্যাচে তোলেন ৮২ কেজি। দুয়ে মিলে ১৯০ কেজি ওজন তুলে হইচই ফেলে দেন নিজের চেষ্টায় অনুশীলন করে যাওয়া মাবিয়া।

এর আগে ২০২৩ জাতীয় চ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৪ কেজি (১০৩ ও ৮১ কেজি) তুলেছিলেন ২০১৬ এসএ গেমসে সোনা জিতে আলোড়ন সৃষ্টি করা মাবিয়া। এক বছরের ব্যবধানে ওজর শ্রেণি পাল্টে ফের বাজিমাত করলেন তিনি। অতীতে বাংলাদেশের কোনো লিফটার কোনো ওজন শ্রেণিতেই এই ওজন তুলতে পারেননি।

নিজেকে আরেকবার প্রমাণ করে মাবিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘চোটের কারণে গত কয়েক বছর নিজের সেরাটা দিতে পারছিলাম না। অনেকেই এ নিয়ে অনেক কটুকথা বলেছে। বুড়া হয়ে গেছি, আমাকে দিয়ে কিছু হবে না- এমন অনেক কথাই সহ্য করতে হয়েছে। তারপরও আমি হাল ছাড়িনি। নিজের চেষ্টায় নিজেকে প্রস্তুত করে চেয়েছিলাম এমন কিছু করি যাতে সারা জীবন মানুষ আমাকে মনে রাখে। আমার দেখাদেখি এখন হয়তো অনেকেই বেশি ওজন তুলবে। তবে সবার আগে ১০৮ কেজি, ৮২ কেজি তোলার রেকর্ডটা আমারই থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত