পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:৫৩ এএম

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি দেশের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনোনীত প্রার্থী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) নেতা মাহমুদ খান আচাকজাইকে হারিয়ে তিনি জয়লাভ করেন। তিনি কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষ ও প্রাদেশিক পরিষদগুলোর সদস্যদের ভোট পেয়ে এই পদে নির্বাচিত হলেন। এ নিয়ে জারদারি দ্বিতীয়বার দেশটির প্রেসিডেন্ট হলেন। শপথ নেওয়ার আনুষ্ঠানিকতার পর তার দায়িত্বভার শুরু হবে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির স্থলাভিষিক্ত হচ্ছেন।

প্রেসিডেন্ট নির্বাচনের ফল সম্পর্কে অবহিত করে আসিফ আলি জারদারির ছেলে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি জানান, আইনসভার উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ জাতীয় পরিষদের যৌথ অধিবেশনে আসিফ আলি জারদারি ২৫৫ ভোট পান। সিন্ধু প্রদেশের আইনসভায় ১৫১, পাঞ্জাবে ২৪৬, খাইবার পাখতুনখাওয়ায় ১৭ এবং বালুচিস্তানে ৪৭ ভোট পান তিনি। সব মিলিয়ে জারদারি ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মাহমুদ খান আচাকজাই সাকুল্যে ১৮১ ভোট পান।

গত ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর জাতীয় পরিষদে সর্বোচ্চ আসন পায় স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা পিটিআই প্রার্থীরা। অবশ্য নির্বাচনের পর থেকে ইমরান খানের দল কারচুপির অভিযোগ করে আসছে। ওই নির্বাচনে দল হিসেবে সর্বোচ্চ আসন পায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং দ্বিতীয় অবস্থানে থাকে পিপিপি। নানা নাটকীয়তার পর নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন ভুট্টো পরিবারের দল পিপিপির সঙ্গে জোট সরকার গড়তে সমঝোতায় পৌঁছায়। এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ। অন্যান্য ছোট কয়েকটি দলসহ পিপিপি এবং পিএমএল-এনের সমঝোতা অনুযায়ী, প্রেসিডেন্ট পদে প্রার্থী হন আসিফ আলি জারদারি।

আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরিফ। গতকাল শাহবাজ অভিনন্দনবার্তায় বলেন, ‘জারদারি পরিপূর্ণভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা করি। প্রেসিডেন্ট পদে জারদারির নির্বাচিত হওয়া গণতান্ত্রিক মূল্যবোধের ধারাবাহিকতা।’

আসিফ আলি জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। ২০০৬ সালে সন্ত্রাসী হামলায় বেনজির নিহত হওয়ার পর ২০০৮ সালে দেশের প্রেসিডেন্ট হন আসিফ আলি জারদারি। ২০১৩ সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। ২০০৮ সালে তিনি দেশের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট হন। জারদারির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত