আসন্ন রমজানে মেট্রোরেলরে ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে। ইফতারের সময়ের আগে ও পরে ২৫০ এমএল বোতল বহন করতে পারবেন যাত্রীরা। সেই সঙ্গে রমজানের শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।
রবিবার (১০ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।
তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। রমজান শেষে বাড়তি এক ঘণ্টা মেট্রো চলবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না।
নারীদের জন্যে আরেকটি কোচ বাড়ানো সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ছয়টি কোচ চলছে, ভবিষ্যতে আটটি কোচ চালু না হওয়া পর্যন্ত নারীদের জন্য আলাদা কোচ বাড়ানো সম্ভব না।
খেজুরের কেজি ১৫০! কিনতে পারবেন যারা
আলু আমদানি শুরু, রমজানে কমবে দাম?