আদেশকপির অপেক্ষায় মন্ত্রণালয়, হাতে পেয়ে স্কুল বন্ধে সিদ্ধান্ত

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৭:৩৯ পিএম

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টের আদেশের অনুলিপির অপেক্ষায় শিক্ষা মন্ত্রণালয়। অনুলিপি পাওয়ার পর মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এখনো রায়ের কপি পাওয়া যায়নি। রায়ের কপি পেলে এটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ দিন সরকারি–বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

রবিবার (১০ মার্চ) দুই মাসের জন্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এদিকে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান গণমাধ্যমকে জানান, এ বিষয়ে আগামীকাল সোমবার আপিল বিভাগে আবেদন করা হবে।

গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ মার্চ বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত