আদালতের ভেতর ছাত্রদল নেতার জন্মদিন উদযাপন

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম

নরসিংদীর আদালতের গারদের ভেতর জন্মদিন পালন করেছেন হত্যা মামলার আসামি জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ। শুধু জন্মদিন উদযাপনই নয় এ সময় তাকে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে।

গারদখানায় জন্মদিন পালনের একটি ভিডিও ফেসবুকে ভাইরালের পর আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

জানা যায়, ছাত্রদলনেতা সাদেক হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ। গত ৫ মার্চ তার জন্মদিন ছিল। এই দিনে একটি মামলায় হাজিরা দিতে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। আদালতের গারদে তাকে রাখা হলে একাধিক ছাত্রনেতা কেক নিয়ে গারদে আসেন তার জন্মদিন পালন করতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলা ছাত্রদল নেতা ছিদ্দিকুর রহমান নাহিদ গারদে আসার পর একাধিক ছাত্রনেতা জন্মদিন পালন করতে কেক নিয়ে হাজির হন। পরে তারা গারদের ভেতরে বসে কেক কেটে জন্মদিন উদযাপন করেন। কেক কেটে ছাত্রদল সভাপতিকে খাইয়ে দেন অন্য নেতারা। ওই সময় জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও ধারণ করা হয়। ওই সব ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে গারদে জন্মদিন পালনের ভিডিওটি। ফলে নেটিজেনদের মধ্যে আলোচনা ও তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

মামলার বাদী ও নিহত ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানের ভাই আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, আমার ভাইকে হারিয়ে আমরা মর্মাহত। ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে ও সরাসরি অংশ গ্রহণে আমার ভাইকে হত্যা করা হয়। আবার সেই হত্যাকারী আদালতের গারদে বসে পুলিশের উপস্থিতিতে আনন্দ উল্লাস করে জন্মদিন পালন করে। এটা কতটা কষ্টের, সেটা ভাই হারানো ব্যক্তি ছাড়া কেউ বুঝবেন কি না আমি জানি না।

নরসিংদী আদালতের পুলিশের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জমান সাংবাদিকদের বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত