ছাত্রকে গুলি করা সেই শিক্ষক ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৩:১৯ এএম

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করা সেই শিক্ষক ডা. রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেনের আদালতে তার রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দীন বলেন, ডা. রায়হান শরীফের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম হোসেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

গত ৪ মার্চ বিকেলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শ্রেণিকক্ষে মৌখিক পরীক্ষা নেওয়ার সময় তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন ওই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফ। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত