ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতির পদ ছাড়তে চান নাইমুর রহমান দূর্জয়। দেশ রূপান্তরকে মুঠোফোনে সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, কোয়াব সভাপতির পদে তিনি কাজ চালিয়ে যেতে ইচ্ছুক নন। তবে উত্তরসূরী হিসেবেও দায়িত্বশীল কাউকে পাচ্ছেন না।
২০২৩ সালের মে মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বার্ষিক সাধারণ সভা করে কোয়াব। সভার পরদিন বাংলাদেশে এসেছিলেন পেশাদার ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) এর প্রধান লিসা স্ট্যালেকার। কোয়াবের সভাপতি হিসেবে বোর্ড পরিচালক নাইমুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে বিসিবির বেতনভুক্ত ম্যাচ রেফারি, এই দুজনের পদায়নকে কোয়াবের পূর্ণাঙ্গ স্বাধীনতার পথে অন্তরায় হিসেবে উল্লেখ করেছিলেন এক প্রশ্নের জবাবে। জাতীয় নির্বাচনে আওয়ামী লিগের মনোনয়ন না পাওয়া দূর্জয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে বলেছেন, ‘আমাদের কোয়াবের কোনো কোনো শীর্ষ কর্তার সাম্প্রতিক আচরণ ও কথাবার্তা আমকে চরমভাবে হতাশ করেছে। ওই ধরনের কথোপকথনে আমি খুব বিব্রত বোধ করেছি। তাই আমার পক্ষে কোয়াবের শীর্ষ পদে থাকা সম্ভব নয়।’
দেশ রূপান্তর এর পক্ষ থেকে দূর্জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি তাৎক্ষণিকভাবে সরে দাঁড়াচ্ছেন নাকি মেয়াদ শেষে আর সভাপতির পদে থাকবেন না? না থাকলে সভাপতি কে হবে? উত্তরে দূর্জয় বলেছেন, ‘আমি আসলে আর থাকতে চাচ্ছি না। আমাদের তো পূর্নাঙ্গ কমিটি হয় নাই, তাই কোন ভাইস-প্রেসিডেন্টও নাই যে প্রেসিডেন্ট না থাকলে টেকওভার করবে। দেখি খেলোয়াড়দের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিব।’
