শচিনের সামনেই তার রেকর্ড ভাঙলেন মুশির

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০১:১৫ এএম

রঞ্জি ট্রফির ফাইনালে মঙ্গলবার ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিয়েছেন ১৯ বছরের মুশির খান। ৩০ বছর পুরনো রেকর্ড ভাঙার সময় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন শচিন নিজেই। রঞ্জির ফাইনালে বিদর্ভের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন মুশির। মুম্বাইয়ের ক্রিকেটারদের মধ্যে সব থেকে অল্প বয়সে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি হাঁকালেন তিনি।

এর আগে এ কীর্তি ছিল শচিনের দখলে। ১৯৯৪-৯৫ মৌসুমে রঞ্জির ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে ২১ বছর বয়সে সেঞ্চুরি করেছিলেন শচিন। এত দিন সেটাই ছিল রঞ্জি ফাইনালে মুম্বাইয়ের হয়ে সব থেকে অল্প বয়সে কোনো ব্যাটারের করা সেঞ্চুরি। ৩০ বছর পরে সেই রেকর্ড ভাঙল। আর ভাঙলেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের তারকা মুশির খান। যিনি বড় ভাই সরফরাজের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন রঞ্জির একাদশে। প্রথম ইনিংসে মুম্বাইয়ের ২২৪ রানের জবাবে ১০৫ রান করে বিদর্ভ। মুশিরের ১৩৬ ও শ্রেয়াস আইয়ারের ৯৫ রানের সুবাদে ৪১৮ রান করে শেষ ইনিংসে বিদর্ভকে ৫৩৮ রানের লক্ষ্য দেয় মুম্বাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত