বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু ঈদের পর: মেয়র তাপস

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৫:৫৯ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেছেন, আসন্ন রোজার ঈদের পরে পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে। আমাদের দরপত্র কার্যক্রম প্রায় শেষ। সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেখানে উঠিয়ে দেওয়া হবে। আমরা আশা করি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

আজ বুধবার দুপুরে সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে।

মেয়র তাপস বলেন, বঙ্গবাজারে এখন যেভাবে ব্যবসা পরিচালিত হচ্ছে ঈদ পর্যন্ত সেভাবেই পরিচালিত হবে। ঈদের পর সেখানে নতুন মার্কেট নির্মাণ কাজে হাত দেব। ক্ষতিগ্রস্ত মার্কেটসহ অবকাঠামো উন্নয়নে ২০ নম্বর ওয়ার্ডে ৬০০ কোটি টাকার বেশি কার্যক্রম চলমান রয়েছে।

দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের পাশে আছেন উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু অবকাঠামো উন্নয়নই নয় সকল ক্ষেত্রেই সব শ্রেণি-পেশার মানুষের কী প্রয়োজন, কী চাহিদা তিনি সেগুলো বিবেচনা করেন। আজকে যখন করোনা মহামারি ও যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তখন তিনি সারা বাংলাদেশে এক কোটি পরিবারকে টিসিবি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে তিনি ন্যায্যমূল্যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে চলেছেন। এভাবেই সাধারণ মানুষের কষ্ট লাঘবে তিনি ব্যবস্থা নিয়ে চলেছেন এবং তা চলমান রেখেছেন।

২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন বলেন, অনুষ্ঠানে এই ওয়ার্ডের নিম্নআয়ের ৫০০ মানুষের কাছে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজানের মধ্যে আরও ৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ কেজি চিনিসহ মোট ৯ ধরনের খাদ্য সামগ্রী রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত