বেইলি রোডে আগুন: রেস্টুরেন্ট শ্রমিকদের গ্রেপ্তারের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল 

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:১৬ পিএম

বেইলি রোডে ‘গ্রীন কোজি কটেজ’ এ অগ্নিকাণ্ডের পর পুলিশি অভিযানে রেস্টুরেন্ট শ্রমিকদের গ্রেপ্তার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে ওই ঘটনার পর কত সংখ্যক রেস্টুরেন্ট শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে তার তালিকা চেয়েছে উচ্চ আদালত। আদেশের ৩০ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে শ্রমিকের সংখ্যাসহ বিস্তারিত প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। সংশ্লিষ্ট বিষয়ে জনস্বার্থে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১৩ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, শ্রম ও কর্মসংস্থান সচিব, পুলিশের মহাপরিদর্শক ও রাজউক চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলেছে আদালত। 

গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী। আবেদনে তারা বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর প্রায় ৮০০ নিরপরাধ শ্রমিককে গ্রেপ্তারের বিষয়টি চ্যালেঞ্জ করেন। অ্যাডভোকেট এম আর সোবহান সাংবাদিকদের বলেন, ‘পুলিশ ৮০০ নিরীহ  রেস্টুরেন্ট  শ্রমিককে গ্রেপ্তার করে অপরাধী বানিয়ে অন্য অপরাধীদের সঙ্গে রেখে দিয়েছে। আমরা বলেছি, এই শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘণ করা হয়েছে। বিনা অপরাধে, বিনা বিচারে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালত এই গ্রেপ্তারের বৈধতা নিয়ে রুল দিয়েছেন। কাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম ঠিকানাসহ ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত