ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এর পিছু নিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মেরিটাইম সিকিউরিটি ফোর্সের একটি যুদ্ধজাহাজ। গতকাল বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী
এছাড়া জাহাজে থাকা বাংলাদেশি নাবিকেরাও নিরাপদে আছেন বলে জানিয়েছে ইইউর সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ।
মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। সে সময়ে জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি।
ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নের অপারেশন আটলান্টা। এর অন্তর্ভুক্ত একটি জাহাজই ‘এমভি আবদুল্লাহকে’ ছায়ার মতো অনুসরণ করেছে বলে জানায় ইউরোপিয়ান ইউনিয়ন।
মঙ্গলবারই বাংলাদেশি জাহাজের জিম্মি হওয়ার খবর প্রথম জানায় যুক্তরাজ্যের সামরিক বাহিনী। তারা জানায়, জিম্মি হওয়ার সময় এমভি আবদুল্লাহ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকূল থেকে ১ হাজার ১০০ কিলোমিটার বা প্রায় ৭০০ মাইল পূর্বে অবস্থান করছিল।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) বরাত দিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশনের সর্বশেষ তথ্য অনুযায়ী জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার গারাকাড উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে।
জিম্মি জাহাজ নোঙর ফেলেছে সোমালিয়া উপকূলে