প্রথমবার লিস্ট 'এ' ক্রিকেট খেলতে নেমেই বিব্রতকর এক রেকর্ডে নাম উঠে গেছে ইকবাল হোসেন ইমনের। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের এই পেসার এক ইনিংসে সবচে বেশি রান খরচ করেছেন ঢাকা প্রিমিয়ার লিগে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দিয়ে ফেলেন ১৭ বছর বয়সী পেসার। যদিও নাঈম শেখ ও মাহমুদুল হাসান জয়ের উইকেট পেয়েছেন তিনি।
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এতদিন খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল শাহাদাত হোসেন রাজিবের। ২০১১ সালে বাংলাদেশ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন এই পেসার। এক দশকেরও বেশি সময় পর এক ওভার কম বোলিং করেই শাহাদাতের রেকর্ড ছুঁলেন ইমন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ে বিশ্ব রেকর্ডটি বাস ডে লিডের। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দেন নেদারল্যান্ডসের এই পেসার।
