বাজার সিন্ডিকেট ও আ. লীগ একাকার হয়ে গেছে: প্রিন্স

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৭:২৪ পিএম

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে সরকার। বাজার সিন্ডিকেট, মজুতদার এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেছে।

শুক্রবার (১৫ মার্চ) বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের এক নম্বর এজেন্ডা- কর্তা ব্যক্তিরা উঁচু গলায় সকাল-বিকাল এ কথা বললেও তাদের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে, যার কারণে জনগণ আজ অসহায়।’

তিনি বলেন, ‘সরকার জালিয়াতি ও প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আছে বলেই জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ না নিয়ে মশকরা করছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দুঃসময়ে তাদের পাশে থাকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে রাজনৈতিক ভাবে প্রতিবাদ করছে, অন্যদিকে মানবিক সহায়তা দিচ্ছে। কিন্তু সরকারের লোকজন জনগণের পাশে না থেকে দুর্নীতি, লুটপাট ও মিথ্যাচার, প্রতারণায় ব্যস্ত। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। জনগণের শক্তিকে তারা ভয় পায় বলেই এখন তারা আন্দোলনের সক্ষমতা নিয়ে কথা বলে।’

অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, খলিলুর রহমান, আবদুল কুদ্দুস, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, যুগ্ম আহ্বায়ক কাসুম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সদস্য সচিব কামরুল ইসলাম সুমন, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব শামীম হোসেন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত